রেল দুর্ঘটনায় ১৬ মৃত্যু

কসবায় দুর্ঘটনাস্থলে জেলা প্রশাসনের তদন্ত কমিটি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ০৩:১৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসনের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের নেতৃত্বাধীন কমিটির সদস্যরা সেখানে পৌঁছান। বিকেল ৪টা পর্যন্ত তারা সবকিছু খতিয়ে দেখেন এবং দায়িত্বরত সিনিয়র স্টেশন মাস্টার মো. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন।

গত সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার মন্দবাগ স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ১৬ জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক যাত্রী। পরে ঘটনাস্থলে গিয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান, এ দুর্ঘটনার জন্য তূর্ণা নিশীথার চালক (লোকোমোটিভ মাস্টার) দায়ী। এরপর ট্রেনটির লোকোমোটিভ মাস্টার ও সহকারী লোকোমোটিভ মাস্টারকে বরখাস্ত করা হয়।

গতকাল তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম সাংবাদিকদের বলেন, ‘দুর্ঘটনার সার্বিক বিষয় নিয়ে আমরা তদন্ত করছি। সে সময় রেললাইনের পয়েন্টের অবস্থা, সিগন্যাল, স্টেশনের লগসিট, সার্ভার লাইন, কন্ট্রোল বক্সসহ সার্বিক বিষয় খতিয়ে দেখছি। পাশাপাশি আমরা দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলছি। আগামী রবিবার পর্যন্ত আমাদের সময় রয়েছে এর মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দিতে চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘আজকের পরিদর্শনের সময় মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাস্টার জাকির হোসেনকে পাইনি। ফলে দুর্ঘটনার সময়কার অনেক তথ্য-উপাত্ত নিয়ে কথা বলতে পারিনি। শুনেছি তলব করায় তিনি কাগজপত্র ও তথ্যাদি নিয়ে চট্টগ্রামে গেছেন।’ এ সময় তদন্ত কমিটির অন্য দুই সদস্য কসবা উপজেলা নির্বাহী কর্মকতা মো. মাসুদ উল আলম ও কসবা থানার ওসি লোকমান হোসেন ছাড়াও আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত