আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে শনিবার থেকে শুরু হচ্ছে এগারো দিনব্যাপী বটতলা আন্তর্জাতিক রঙ্গমেলা। বাংলাদেশসহ ভারত, স্পেন, ইরান ও নেপালের নাটক মঞ্চস্থ হবে এই আয়োজনে। ‘নৃশংস নৈঃশব্দ্য ভেঙে সুনন্দ সাহস জাগুক প্রাণে প্রাণে’- স্লোগান নিয়ে বটতলা আয়োজিত এ রঙ্গমেলা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।
রঙ্গমেলার উদ্বোধনী পরিবেশনায় শনিবার সন্ধ্যা ৬টায় অংশ নেবে মণিপুরি থিয়েটার। শুভাশিস সিনহার ভাবনা ও পরিকল্পনায় মঞ্চস্থ হবে ‘ঢাক করতালে বাজুক জীবন’।
আনুষ্ঠানিকভাবে রঙ্গমেলা উদ্বোধন করবেন নাট্যজন আতাউর রহমান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি থাকবেন তিনজন তরুণ নাট্যকার- সাধনা আহমেদ, রুমা মোদক ও শুভাশিস সিনহা।
রঙ্গমেলার সদস্যসচিব ও বটতলার আর্টিস্টিক ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার বলেন, “দেশ-বিদেশের শিল্পী, দর্শকের অংশগ্রহণে প্রাণবন্ত একটি উৎসব হবে বলে আশা করছি। আমরা মনে করি, এই রঙ্গমেলা সকলের। যে কেউ মেলা প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে এসে নিজেদের করে গান করতে পারে। বিভিন্ন পরিবেশনা নিয়ে অংশ নিতে পারে। এ ছাড়া আমাদের নির্ধারিত অনুষ্ঠান তো থাকছেই।”
এবারের রঙ্গমেলায় আজীবন সম্মাননা প্রদান করা হবে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। আট বিভাগের আট নাট্যজনকে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি মঞ্চে নেপথ্যে কাজ করেন এমন দশজনও পাচ্ছেন সম্মাননা।
মেলায় প্রতিদিন ‘মূল রঙ্গমঞ্চে’ সন্ধ্যা সাড়ে সাতটায় বটতলাসহ বাংলাদেশের ২টি এবং বিদেশের ৮টি দল নাটক পরিবেশন করবে। প্রতিদিন বহিরাঙ্গনে ‘নাদিম মঞ্চে’ মঞ্চস্থ হবে নাটক, গান, কবিতা, মূকাভিনয়, নাচসহ বিভিন্ন আনন্দ আয়োজন, যা মূলত শুরু হবে সন্ধ্যা ৬টায়।
