প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে এরিকের মা ও এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ জানিয়েছেন, তাকে মাত্র একবেলা খেতে দেওয়া হয়।
শুক্রবার বিদিশা এরশাদের ফেইসবুক পেজে শেয়ার করা একটি পোস্টে এমনটাই অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় মা ছেলের দেখা হয়।
অনেক দিন পরে মা বিদিশা এরশাদকে কাছে পেয়ে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগের কথা জানান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। ছেলে এরিককে কাছে পেয়ে বিদিশা নিজ হাতে গোসল করান, নিজের রান্না করা পোলাও রোস্ট খাইয়ে দেন। মা ছেলে গল্পে মেতে ওঠেন।
এরিক তার মাকে জানান, ‘আমাকে জাস্ট দুপুরে একবেলা খেতে দেয়। সকালে ও রাতে কিছু খেতে দেয় না’। এ সময় খিদে পেলে কি খেতে, বিদিশা জানতে চাইলে এরিক বলেন, আব্বু (এরশাদ) মারা যাওয়ার আগে বিস্কুট আর মিনারেল ওয়াটার রেখে গিয়েছিল আমার রুমে, বিস্কুট তো কবেই শেষ, মিনারেল ওয়াটারের বোতলগুলো কেবল আছে।
জানা গেছে, এরশাদের মৃত্যুর পর থেকে প্রেসিডেন্ট পার্কের বাসায় একাই থাকতেন এরিক। চাচা জিএম কাদের এর তত্ত্বাবধানে বাসার লোকজন তার দেখাশোনা করতেন। কিন্তু ঠিকমতো তার দেখভাল করতেন না তারা।
বৃহস্পতিবার এরশাদের গাড়ির ড্রাইভার এরিকের গায়ে হাত তুলে গালিগালাজ করে ধাক্কা মারেন। এ সময় এরিক কাঁদতে কাঁদতে তার মা বিদিশাকে ফোন দেন। ফোন পেয়ে প্রেসিডেন্ট পার্কে ছুটে আসেন বিদিশা।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন এরিকের চাচা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
