নতুন গ্রেড প্রত্যাখ্যান প্রাথমিক শিক্ষকদের

আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ০১:২০ এএম

বেতন বৈষম্য দূর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলনের পর সরকারি প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীত করলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তাদের দাবি, প্রধান শিক্ষকদের ১০ম ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড না দিয়ে প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড দেওয়ায় তা প্রত্যাখ্যান করা হয়েছে। গতকাল শুক্রবার প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির নীতিনির্ধারণী কমিটির এক জরুরি সভা শেষে এই ঘোষণা দেন তারা।

সভায় ঐক্য পরিষদের নেতারা বলেন, নতুন গ্রেড প্রত্যাখ্যান ঘোষণা করা হয়েছে। কারণ ওই গ্রেডে বেতন নির্ধারণ করলে শিক্ষকদের বেতন বাড়বে না বরং অধিকাংশ শিক্ষকের বেতন কমে যাবে। ১০ বছর ও ১৬ বছর পূর্তির পর প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য কয়েক গুণ বেড়ে যাবে।

তারা জানান, প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার জাতীয় সংসদে দেশের ৬৫ হাজার প্রধান শিক্ষককে ১১তম গ্রেড ও ৩ লাখ ৪২ হাজার সহকারী শিক্ষককে ১৩তম গ্রেডে বেতন বাড়ানো হয়েছে বলে বক্তব্য দিয়েছেন। কিন্তু তিনি হয়ত জানেন না এই গ্রেডিং সিস্টেমে অধিকাংশ শিক্ষকের বেতন বাড়ার পরিবর্তে কমে যাবে। কারণ, সরাসরি প্রায় ২০ হাজার প্রধান শিক্ষক বর্তমানে ১১তম গ্রেডে বেতন পাচ্ছেন। অবশিষ্ট পদোন্নতিপ্রাপ্ত ও চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকরা সহকারী শিক্ষকদের সমস্কেলে বেতন পাবেন। কিন্তু নিম্নধাপে উন্নীত স্কেলে ফিক্সেশন করলে প্রতি মাসে শিক্ষকদের বেতন এক হাজার থেকে দেড় হাজার টাকা কমে যাবে। যে ক্ষতি শিক্ষকরা চাকরি শেষেও কাটিয়ে উঠতে পারবেন না। এর জন্য বর্তমান বেতন কাঠামোই দায়ী। তাই শিক্ষকদের দাবি প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ করে বেতন বৈষম্য নিরসন করা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা একান্ত জরুরি।

তারা আরও জানান, আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে বেতন বৈষম্য নিরসনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। শিক্ষকদের অভিমত, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলেই তাদের বেতন বৈষম্য নিরসন হবে। অন্যথায় শিক্ষক নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সভায় বক্তব্য রাখেন ঐক্য পরিষদের আহ্বায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ সামছুদ্দিন মাসুদ, প্রধান মুখপাত্র মো. বদরুল আলম, প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম তোতা, আবদুল্লাহ সরদার, আবুল কাশেম, রবিউল হাসান, সাবেরা বেগম, বাঁধন খান ববি, জাকির হোসেন, মশিউর রহমান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত