ঠাকুরগাঁওয়ের সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষা চলাকালীন নিজেদের কাছে নকল রাখার দায়ে মনসুর আলী ও আয়েশা সিদ্দিকা নামে দুই কেন্দ্র পরিদর্শককে কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ইংরেজি পরীক্ষা চলাকালীন মাদ্রাসা শিক্ষক মনসুর আলীর পাঞ্জাবির পকেটে ও আয়েশা সিদ্দিকার ভ্যানিটি ব্যাগে নকলসহ তাদের আটক করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দিয়ে জেলে পাঠান।
এ সময় নির্বাহী ম্যাজিস্টেট আবদুল কাইয়ুম খান অন্য দুই পরীক্ষা পরিদর্শকে নিয়ম বহির্ভূতভাবে মোবাইল ফোন রাখার দায়ে আর্থিক জরিমানা করেন। কারাদ-প্রাপ্ত উত্তর হরিহরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মনসুর আলী বলেন, পরীক্ষা শুরুর আগে এক পরীক্ষার্থীর থেকে নকল নিয়ে ভুলবশত পকেটে রেখেছিলাম, ফেলে দেওয়ার কথা মনে ছিল না।
কারাদ-প্রাপ্ত ভেলাজান আনছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক আয়েশা সিদ্দিকা বলেন, ভ্যানিটি ব্যাগ সামনে রেখে পরীক্ষার দায়িত্ব পালন করছিলাম। ‘মনে হয়’ ভয়ে কেউ আমার ব্যাগে ছোট একটি কাগজ রেখেছিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা ভুল স্বীকার করায় ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
সালন্দর কামিল মাদ্রাসা কেন্দ্রের সচিব আবুল হোসেন বলেন, পরিদর্শকরা পরীক্ষার্থীদের থেকে নকল নিয়ে ভুলবশত নিজের কাছে রেখে দেন। উত্তর হরিহরপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মনসুর আলী কয়েকদিন পর অবসরে যাবেন।
