ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর মাধ্যমে দেশের দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া হচ্ছে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ১৪তম বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামে (বিআইজিএফ) তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘ইন্টারনেট মানবসভ্যতার নতুন সুযোগ। এর সঙ্গে আইওটি (ইন্টারনেট অব থিংকস), বিগডাটা, এআই (কৃত্রিম বৃদ্ধিমত্তা) ও কোয়ান্টাম কম্পিউটিং সংযুক্ত হওয়ায় আগামী পাঁচ বছর পরের পৃথিবী হবে অবর্ণনীয়, অকল্পনীয়।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই বা না চাই ইন্টারনেট সভ্যতা ভয়াবহরূপে আবির্ভূত হবে। ইন্টারনেটের ইতিবাচক দিক আমাদের কাজে লাগাতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবে ইন্টারনেটকে সাইডলাইনে রাখার সুযোগ নেই।’
মোস্তাফা জব্বার বলেন, ‘২০০৮ সালে দেশে মাত্র আট লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করত। বর্তমানে ব্যবহার করছে প্রায় ১০ কোটি মানুষ। তখন মোট ব্যান্ডউইথ ব্যবহার করা হতো মাত্র সাড়ে সাত জিবিপিএস, বর্তমানে হচ্ছে ১ হাজার ২৫০ জিবিপিএস।’ দেশের প্রায় চার হাজারেরও বেশি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
