ঢাকা বিশ^বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে ৪দিনব্যাপী ‘গণরুম-গেস্টরুম ও সন্ত্রাসবিরোধী’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী। ‘বৈধ সিট আমার অধিকার’ মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ১ম বর্ষ থেকে বৈধ সিট বরাদ্দ এবং গেস্টরুম নামক টর্চারসেল বাতিলের ৬ দফা দাবির অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থিরচিত্র প্রদর্শনীতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান ও ড. মো. আব্দুল মান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেহনুমা আহমেদ প্রমুখ।
উদ্বোধনের পর মঞ্চের মুখপাত্র আরমানুল হক বলেন, ‘দখলদারিত্বের রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য প্রশাসন এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো যুগ যুগ ধরে সিট দখল ও সিট বাণিজ্য করে আসছে যা ১ম বর্ষ থেকে বৈধ সিট পাওয়ার পথে সব থেকে বড় বাধা। গণরুম- গেস্টরুম নির্যাতন থেকে শিক্ষার্থীদের মুক্ত করাই আমাদের লক্ষ্য।
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘বৈধ সিট আমার অধিকার’ মঞ্চের মাধ্যমে একত্রিত হয়ে এই দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে ক্যাম্পাসে সরব আছি।
এই আন্দোলনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সচেতন করতে ‘গণরুম-গেস্টরুম ও সন্ত্রাসবিরোধী’ ৪দিনব্যাপী স্থিরচিত্র প্রদর্শনী কর্মসূচি শুরু করেন তারা। উক্ত প্রদর্শনী একই স্থানে ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। মঞ্চের ৬ দফা দাবির মধ্যে রয়েছেÑ ১ম বর্ষ থেকেই প্রশাসন কর্তৃক বৈধ সিট বরাদ্দ করা, গেস্টরুম নামক টর্চারসেল বাতিল, সিট বরাদ্দে রাজনৈতিক হস্তক্ষেপ চলবে না, অবৈধভাবে সিট দখলকারীদের অবিলম্বে হলত্যাগ করতে হবে, পলিটিক্যাল গণরুম বাতিল করো।
