জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরকি এরশাদ এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সাহায্য চেয়েছেন।
রবিবার সন্ধ্যায় বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে এরিক এরশাদ ভিডিও বার্তায় বলেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি এরিক বলছি। আমাকে নির্যাতন করা হয়েছে। আমাকে খেতে দেয়া হতো না। ড্রাইভার আমার শরীরে হাত তু্লেছে। আমার লিগ্যাল গার্ডিয়ান আমার চাচা জিএম কাদের না, আমার মা। সে ক্ষেত্রে ওনার তো রাইট নেট এরকম টর্চার করা। মাকে আমি বাসায় নিয়ে এসেছি। এখন আমরা ভালো আছি। নিচে পুলিশরা ঝামেলা করছে। আমার বাড়ির লোকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না। আপনি একটু বলে দিন যেন পুলিশরা আমাদের ঝামেলা না করে।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এরশাদের বারিধারার প্রেসিডেন্ট পার্কে যান তার দ্বিতীয় স্ত্রী ও এরিকের মা বিদিশা।
ছেলে 'চিকেন ফ্রাই খেতে ফোন করেছিলো' এমন তথ্য জানিয়ে একটি টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে সেখানে উপস্থিত হন বিদিশা।
সেই থেকে রবিবার পযন্ত বিদিশা সেখানেই ছিলেন।
শনিবার বিকালে তিনি জানান, গত তিন দিন ধরে বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে এরিককে নিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন তিনি।
টেলিফোনে সাংবাদিকদের তিনি জানান, কোনোক্রমেই এরিকের কাছ থেকে আলাদা করা যাবে না তাকে।
বিদিশা বলেন, ‘এখন পর্যন্ত নিচে থেকে কোনো লোকজন কাউকে ভেতরে আসতে দিচ্ছে না। আমার লাশ বের হয়ে গেলেও আমার ছেলেকে নিয়ে কিছু হতে দিব না। আমি মুখ খুললে কাদের সাহেবের রাজনীতি শেষ হয়ে যাবে।’
