রেকর্ড গড়া চুক্তিতে সেই জুলাইতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর খুব একটা স্বস্তিতে নেই আঁতোয়া গ্রিজমান। ফ্রান্সের টিভি অনুষ্ঠান টেলিফুটে গিয়ে নিজেই স্বীকার করেছেন, বার্সায় মানিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।
‘সহজে মানিয়ে নেওয়ার মতো জায়গা এটা নয়,’ মন্তব্য করে অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক খেলোয়াড় গ্রিজমান বলেন, ‘নতুন ক্লাব, নতুন পরিস্থিতি, নতুন কৌশল। কষ্ট তো হবেই।’
বাইআউট ক্লজের ১২০ মিলিয়ন ইউরো শোধ করে মাস চারেক আগে বিশ্বকাপজয়ী গ্রিজমানকে ৫ বছরের জন্য দলে টানে মেসির ক্লাব। এখানে এসে আগের মতো ছন্দে নেই। নিয়মিত পাচ্ছেন না গোলের দেখা।
পেশাদার গ্রিজমান চেষ্টা করছেন সব সমস্যা কাটিয়ে উঠতে, ‘পরিশ্রমের বিকল্প নেই। যেখানে আছি, তার জন্য গর্বিত। ক্লাব আমাকে বিশ্বাস করে, তাদের বিশ্বাস আমাকে জয় করতে হবে।’
২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন গ্রিজমান। ২৫৬ ম্যাচে সেখানে করেছেন ১৩৩টি গোল।
২০১৮ সালে অ্যাটলেটিকোর সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করলেও চলতি বছরের মে মাসে ক্লাব ছাড়তে চাওয়ার কথা জানান।
গ্রিজমানকে অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিল বার্সেলোনা। গত বছর তাদের প্রস্তাব ফিরিয়ে দেন। ২০১৭ সালের ডিসেম্বরেও এ বিষয়ে বার্সার সঙ্গে অ্যাটলেটিকোর ঝামেলা হয়। ‘অসাধু উপায়ে’ খেলোয়াড় টার্গেটের অভিযোগ তুলে ক্লাবটি বার্সার নামে তখন ফিফার কাছে অভিযোগ করে।
