মাদারীপুরের রাজৈর ও শিবচর উপজেলার বিভিন্ন পেঁয়াজের বাজারে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। ৫ জন ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এতে তাৎক্ষণিকভাবে পেঁয়াজের দাম কমে গেল কেজিতে ৫০ টাকা।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৮টার সময় রাজৈর উপজেলা নির্বাহী অফিসার সোহানা নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত হঠাৎ টেকেরহাট বন্দরের পাইকারি বাজারে অভিযান চালায়। এসময় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছিল। পরে বেশি দামে বিক্রি করার দায়ে ব্যবসায়ী মো. খোকন খালাশীকে ৫০০০, শফিকুলকে ৫০০০, রিপনকে ৫০০০, চুন্নুকে ৩০০০ ও পলাশকে ৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপরেই দ্রুত পেঁয়াজের দাম কমে ১৫০ টাকা কেজি দরে বিক্রি শুরু হয়। তাৎক্ষণিকভাবে পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা কমে যাওয়ায় ক্রেতারা পেঁয়াজ কেনায় ব্যস্ত হয়ে পড়েন।
অপরদিকে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে শিবচর বাজারের পেঁয়াজের আড়ত ও খুচরা বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।
অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে পেঁয়াজের আড়ত মা লক্ষ্মী বাণিজ্যালয়ের মিয়াজান মিয়া ও খুচরা ব্যবসায়ী সালাম খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখা এবং সঠিক দামে বিক্রি করার শর্তে তাদের মুক্তি দেন।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান জানান, পেঁয়াজ বাজারে অভিযান চালিয়ে ২জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে আটককৃতরা শর্ত সাপেক্ষে ক্ষমা চেয়ে বাজার নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে আশ্বস্ত করেছে। সার্বক্ষণিক পেঁয়াজ বাজার মনিটরিং করবো। অতিরিক্ত দামে কেউ যদি পেঁয়াজ বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
