ইন্দোর টেস্ট শেষ হয়েছিল পুরো দুই দিন বাকি থাকতেই। ম্যাচ পাঁচ দিন ধরে নিয়েই উভয় দলের দ্বিতীয় ম্যাচের ভেন্যু কলকাতার বিমান টিকিট কাটা ছিল মঙ্গলবারের। রবিবার ও সোমবার এই দুদিন টাইগাররা তাই অনুশীলন করল ইন্দোরেই। ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সের দিবারাত্রির টেস্ট সামনে রেখে গোলাপি বল ও ফ্লাডলাইটের আলোয় অনুশীলন করেছে টাইগাররা। গোলাপি বলে একদমই নতুন বাংলাদেশ। তা এই কদিনের অনুশীলনে টাইগারদের প্রস্তুতি কেমন? স্পিনার মেহেদী হাসান মিরাজ সোমবার সাংবাদিকদের বললেন তার গোলাপি বলের অভিজ্ঞতা-
প্রশ্ন: পিংক (গোলাপি) বলে অনুশীলনের অভিজ্ঞতা কেমন?
মিরাজ: আসলে আজকে আমি ব্যাটিং করেছি। বলটা একটু মুভ করছিল, আর বলটা খুব দ্রুত যায়...।
প্রশ্ন: লাল বলের সঙ্গে পার্থক্য কী দেখছেন?
মিরাজ: পিংক বলে একটু সুইং থাকতে পারে প্রথম দিকে। অনেক সময় কাটও করতে পারে। দেখলাম মাঝে মাঝে বল কাট করছে। হয়তো এটাও হতে পারে। এখন ম্যাচে গেলে বাকিটা বোঝা যাবে কীভাবে কি হয়...।
প্রশ্ন: আপনারা পিংক বলে খুব বেশি অনুশীলন করতে পারেননি। এই সময়টা কি যথেষ্ট পিংক বল নিয়ে আইডিয়া পাওয়া জন্য?
মিরাজ: আসলে যতটুকু আমরা প্র্যাকটিস করেছি... ওরকম বেশি সময় পাইনি। খুব অল্প সময় পেয়েছি। যতটুকু পাচ্ছি, আমরা ততটুকু কাভার করার চেষ্টা করেছি, শতভাগ কাজে লাগানোর করার চেষ্টা করেছি।
প্রশ্ন: ব্যাটসম্যানদের জন্য আসলে কেমন হবে এই বলে খেলা?
মিরাজ: প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হবে। আমার কাছে মনে প্রথমদিকে যদি সেট হওয়া যায়, তাহলে হয়তো মানিয়ে নিতে পারলে পরে সহজ হয়ে যাবে। প্রথম দিকে খুব জরুরি সেট হওয়াটা।
প্রশ্ন: ওপেনাররা কি বলছেন? তারা সবাই পজিটিভ তো?
মিরাজ: সবাই পজিটিভ আছে। সবাই উত্তেজিত যে এ রকম নতুন একটা ডে নাইট ম্যাচ খেলবে বা পিংক বলে খেলবে। এটা সবার জন্যই একটা নতুন অভিজ্ঞতা, সবাই এক্সাইটেড।
প্রশ্ন: বলটা দেখার ক্ষেত্রে কী কোনো সমস্যা তৈরি হয়?
মিরাজ: অ্যাজ ইউজুয়্যাল। খুব বেশি সমস্যা হয় না। তারপরও সতর্ক থাকতে হবে। যতটুকু প্র্যাকটিস করেছি ম্যাচে তা কাজে লাগাতে পারব আশা করি।
প্রশ্ন: পিংক বলে স্পিনাররা কতটুকু ফায়দা পাবেন?
মিরাজ: আমার কাছে মনে হয় স্কিড করতে পারে। একটু বাউন্স, একটু টার্নও থাকতে পারে। কারণ আমরা যতটুকু প্র্যাকটিস করলাম, দেখলাম বলটা খুব ফরোয়ার্ড হচ্ছে। মানে একটু বাউন্স থাকতেছে। এটা হয়তো একটু বাড়তি সুবিধা থাকতে পারে।
প্রশ্ন: ক্যাচিংয়ের ক্ষেত্রে ওপরের দিকে বল দেখায় কোনো সমস্যা হয় না?
মিরাজ: নরমালি যেমন আছে সেরকমই আমরা দেখছি।
প্রশ্ন: সিম-গ্রিপে স্বাচ্ছন্দ্য অনুভব করছেন তো?
মিরাজ: অনেক সময় ভালো বোঝা যায়, অনেক সময় ভালো বোঝা যায় না। এটা আমরা স্পিনাররা হয়তো মাঝে মাঝে সিমের পজিশনটা বুঝতে পারব না। এখানে স্পিনারদের জন্য একটু বাড়তি ভয় আছে।
প্রশ্ন: পিংক বলে টেস্ট খেলা নিয়ে আসলে টেনশন না অনুপ্রেরণা কাজ করছে?
মিরাজ: আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। টেনশন না। আমার কাছে মনে হয় সবাই এক্সাইটেড আছে, প্রথমবারের মতো এ রকম পিংক বলে খেলবে এবং নাইট টেস্ট ম্যাচ খেলবে। এটা উত্তেজনা কাজ করারই ব্যাপার। ওরকম টেনশন না, সবাই স্বাভাবিকই আছি।
প্রশ্ন: বল পুরোনো হয়ে গেলে কেমন আচরণ করবে বলে মনে হয়?
মিরাজ: আসলে এটা এখন পর্যন্ত ওরকম বোঝা যায়নি। আমার কাছে মনে হয়, হয়তো আমরা নাইটে আজকে প্র্যাকটিস করলাম। যে কয়দিন আছে...। পুরোনো বলে হয়তো বলটা ভিজিয়ে পেস বোলাররা বোলিং করবে। কী সুবিধা-অসুবিধা এটা দু-এক দিন প্র্যাকটিস করলে আরো সুন্দরভাবে বোঝা যাবে।
