রোমানিয়াকে উড়িয়ে ইউরো বাছাই শেষ করল স্পেন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১০:৫১ এএম

আগেই নিশ্চিত ছিল ইউরোর মূল পর্বের টিকিট ও গ্রুপের শীর্ষস্থান। নির্ভার থেকে রোমানিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল দলটি। প্রতিপক্ষটিকে উড়িয়ে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের বাছাই পর্ব শেষ করল তিনবারের চ্যাম্পিয়নরা।

মাদ্রিদে এস্তাদিও ওয়ান্দা মত্রোপলিতানোয় সোমবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচটিতে ৫-০ গোলের জয় পায় স্পেন। ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করা দলটি যোগ করা সময়ে পায় আরও এক গোল।

ম্যাচের অষ্টম মিনিটেই ফাবিয়ান রুইসের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। এরপর জোড়া গোল করেন স্ট্রাইকার জেরার্দ মোরেনো। ৪৫তম মিনিটে রোমানিয়ার ডিফেন্ডার নিজেদের জালে বল জড়িয়ে বসলে চতুর্থ গোল পায় স্পেন।

বিরতির পর আক্রমণের চিন্তা একেবারে ছেড়ে দিয়ে রক্ষণে জোর দেয় রোমানিয়া। কঠিন রক্ষণের সামনে খুব একটা সুবিধা করতে উঠতে পারেনি স্পেনের আক্রমণভাগের খেলোয়াড়রা। ম্যাচের যোগ করা সময়ে রোমানিয়ার কফিনে শেষ পেরেক ঠুকেন মিকেল ওয়ারসাবাল।

অপরাজিত থেকে এবারের বাছাই পর্ব শেষ করল স্পেন। দশ ম্যাচের মধ্যে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে ইউরো নিশ্চিত করেছে সুইডেন। শেষ ম্যাচে দলটি ফারো আইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত