খালেদা জিয়ার মুক্তি দাবি

সারা দেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ আগামী শনিবার

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০২:৩১ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকাসহ সারা দেশের জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল

কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়গুলোতে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকায় বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বেলা ১১টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

রিজভী বলেন, জনগণের সেন্টিমেন্ট অবজ্ঞা করে সরকার দেশের একজন জনপ্রিয় নেত্রীর জীবনকে নিঃশেষ করে দেওয়ার সকল আয়োজনে ব্যস্ত রয়েছে। তার চিকিৎসার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে। এই সরকার অন্ধ প্রতিহিংসার বশে খালেদা জিয়াকে ক্রমান্বয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতেই তার সুচিকিৎসা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত