ট্রাক চাপায় কনস্টেবল নিহত, আহত আরও ২ পুলিশ

আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ১০:৪১ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের ধনাইতরীতে ট্রাক চাপায় সদর দক্ষিণ মডেল থানার কনস্টেবল নূর হোসেন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই থানার এএসআই মহসিন মিয়া ও কনস্টেবল ইসমাইল।

পুলিশ জানিয়েছে, সদর দক্ষিণের ধনাইতরী নামক এলাকায় মহাসড়কের পাশে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় দ্রুত গতিতে আসা একটি ট্রাক টহলরত পুলিশদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কনস্টেবল নূর হোসেন নিহত হন। গুরুতর আহত হন এএসআই মহসিন মিয়া ও কনস্টেবল ইসমাইল।

সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত দুই পুলিশ সদস্যকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত