শেখ হাসিনার নোবেল পাওয়া উচিত : অর্থমন্ত্রী

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০৩:১১ এএম

শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার ইতিহাস সৃষ্টি করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত মঙ্গলবার তুরস্কের গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার মুস্তফা সেন্তোপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, তুরস্ক একটি অন্যতম অসাম্প্রদায়িক দেশ। দুটি কারণে তুরস্ক সারা বিশ্বে অত্যাধিক সমাদৃত। এর একটি অসাম্প্রদায়িকতা; অন্যটি জঙ্গিবাদের কারণে বিশ্বের কোথাও কোনো মানুষের

যেন ক্ষতি না হয়, সে বিষয়ে জোরালো পদক্ষেপ। বাংলাদেশের সঙ্গে তুরস্কের এ নীতিতে সামঞ্জস্য রয়েছে। বাংলাদেশও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে মুস্তফা কামাল বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আঞ্চলিক যোগাযোগ, বিদেশি বিনিয়োগ ও গ্লোবাল আউটসোর্সিংয়ের কেন্দ্রে পরিণত হয়েছে। দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারি ও বেসরকারি খাতে বিনিয়োগকে টেকসই করার জন্যই সরকার এ শিল্পাঞ্চলগুলো গড়ে তুলেছে। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ গত ১০ বছরে ৭ শতাংশের ওপরে প্রবৃদ্ধি অর্জন করেছে। চলতি বছর ৮ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। আমরা আগামী বছর ৮ দশমিক ২৫ শতাংশ থেকে ৮ দশমিক ৩০ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা করছি, যা ২০২৪ সাল নাগাদ দাঁড়াবে ১০ শতাংশ এবং সেটা অব্যাহত থাকবে।

ইলেকট্রনিকস, ওষুধ, গ্যাসসহ বেশ কয়েকটি খাতে তুরস্কের বিনিয়োগের ইতিবাচক সাড়াকে মন্ত্রী সাধুবাদ জানিয়ে আরও বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও এখন তার উচ্চমূল্য দিতে হচ্ছে। কক্সবাজারসহ ওই এলাকার পরিবেশ পুরো বিপর্যয়ের মুখে পড়েছে। এতে আমাদের সামাজিকভাবে ও জলবায়ুগত চ্যালেঞ্জ বাড়ছে। তাই রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে, এটাই আমাদের প্রধান চাওয়া। মন্ত্রী তুরস্কের স্পিকারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান। তিনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তুরস্কের স্পিকার তাতে সম্মতি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত