নিজস্ব প্রতিবেদকনতুন সড়ক আইনে কোনো অসঙ্গতি থাকলে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধান্মণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি একথা জানান।এর আগে সেখানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির সভা হয়। নতুন আইনটি সংশোধন দাবিতে মালিক-শ্রমিকরা তিন দিন বাস চালানো বন্ধ রাখার পর গত বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন। তবে গতকালও বাস চলাচল স্বাভাবিক হয়নি। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সড়কে আইন প্রয়োগে কোনো বাড়াবাড়ি হবে না। আইনে অসঙ্গতি থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে এবং আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হবে। সড়ক আইনের মূল কাজ হচ্ছ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, সবকিছুতেই ব্যর্থ বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের রাজনীতি করছে। তিনি বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে বর্তমানে পেঁয়াজ, চাল ও লবণের ওপর ভর করেছে। তারা গুজবের রাজনীতি করেছে। নেতিবাচক রাজনীতির কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন, তার জন্য রাস্তায় নেমে কোনো একটি দৃশ্যমান আন্দোলন করতে পারেনি। আওয়ামী লীগ ছাড়া কোনো দলে গণতন্ত্রের চার্চা নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, অন্য দল কলমের খোঁচায় সবাই করে ফেলে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলনের প্রথম দিন মনোজ্ঞ ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দ্বিতীয় দিন কাউন্সিল অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন ও কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করা হবে। সংস্কৃতি উপ-কমিটির চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন সদস্য সচিব আসীম কুমার উকিল, আকবর হোসেন খান পাঠান, সাইফুল আজম বাশার, লিয়াকত আলী লাকী, আহকামুল্লাহ, সাংবাদিক নেতা সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
