চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই জীবনে ফিরে যেতে চান তথ্যমন্ত্রী

আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০৬:৪৫ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবনে আবার ফিরে যেতে চান।

শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মন্ত্রী। চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেটিকে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে। পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। কিন্তু এমন সুন্দর প্রকৃতির শোভা পৃথিবীর খুব কম বিশ্ববিদ্যালয়ে আছে। প্রকৃতি নিজের কোলে লালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে’।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘চেনা মুখগুলো বহু বছর দেখিনি, তাদের সঙ্গে দেখা হলো আজ। ইচ্ছে করে আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই জীবনে ফিরে যেতে। যেই বালুকণায় ঘিরে আমাদের স্মৃতি, যেখানে আমরা সময় কাটিয়েছি, সেই দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। এ অসাধারণ আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ’। 

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি প্রধানত চট্টগ্রাম শহরে থাকতাম। মাঝে-মধ্যে হলেও থাকতাম। পরীক্ষার আগে বিশেষ করে হলে কয়েক মাস থাকতাম। ট্রেনে করেই বিশ্ববিদ্যালয়ে যেতাম। আমার ট্রেনের সহপাঠীরা অনেকেই আজকে অ্যালামনাইয়ে এসেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ট্রেনে গলা ছেড়ে গান আমিও গাইতাম। আমার সেই বন্ধুরা এখানে অনেকেই আছে। তারা সবাই এখন সমাজে প্রতিষ্ঠিত ও উচ্চ পদস্থ কর্মকর্তা। তাই তাদের নাম বলছি না। গলা ছেড়ে গান গাই তো সেটি বললে তারা লজ্জাও পেতে পারেন। তবে আমিও গান গাইতাম। সেই যে গলা ছেড়ে গান গাওয়া, আমার ইচ্ছে হয় যদি আবার সেই বন্ধুদের নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গান গাইতে গাইতে যেতে পারতাম। এটা হবে কি না জানি না কখনো। তবে এটি যদি করতে পারতাম খুব ভালো লাগত’।

সবার জন্য সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করে ড. হাছান মাহমুদ বলেন, সবাই মিলে আমরা আমাদের দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাব। সেটাই হোক সকলের প্রত্যাশা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত