হাসিনা-মমতা বৈঠক

বাংলাদেশ থেকে সাইকেল আমদানির আগ্রহ পশ্চিমবঙ্গের

আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০২:২৫ এএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পারস্পরিক স্বার্থে বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গে সাইকেল রপ্তানির এ সুযোগটি কাজে লাগাতে পারে।’

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

কলকাতা বিমানবন্দরে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে বিদায় জানান। গতকাল কলকাতার তাজবেঙ্গল হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর মধ্যকার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে মমতা এ বিষয়ে দুটি প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা যৌথভাবে পশ্চিমবঙ্গে বাইসাইকেলের কারখানা স্থাপন করতে পারেন। তার সরকার এ ব্যাপারে জমি বরাদ্দ দেবে।

মমতা বলেন, দ্বিতীয়ত বাংলাদেশের বিনিয়োগকারীরা এ ধরনের কারখানা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে স্থাপন করতে পারে। এতে পরিবহন খরচ অনেকটাই কমে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিল্পকারখানার ওপর সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের সমাজকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, ভারতের অন্য রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ সর্বোচ্চ ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা ব্যানার্জীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির বিষয়ে অবহিত করেন। তিনি দেশে শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকের শুরুতে শেখ হাসিনা ও মমতা ব্যানার্জী শুভেচ্ছা বিনিময় করেন। মোমেন বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারতের ইডেন গার্ডেনসে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দেখার জন্য কলকাতা সফরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহিদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ সময় উপস্থিত ছিলেন।

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী : ইডেন গার্ডেনসে ভারত-বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ উদ্বোধন উপলক্ষে ১২ ঘণ্টার কলকাতা সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রাত ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় রাত ১১টায় কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

কলকাতা বিমানবন্দরে পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী প্রধানমন্ত্রীকে বিদায় জানান। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত