মেয়াদ শেষের দুই মাস আগে পূর্ণাঙ্গ কমিটি পেল জাসাস

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ০১:৪৩ এএম

আগামী জানুয়ারি মাসে শেষ হবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির মেয়াদ। তিন বছরের মেয়াদ শেষ হওয়ার মাত্র দুই মাস আগে গতকাল শনিবার বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ১৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটির অনুমোদন দিয়েছেন বলে গতকাল দলের সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর ক্ষোভ প্রকাশ
 করে জাসাসের প্রতিষ্ঠাকালীন এক নেতা গতরাতে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, যাদের নেতৃত্বে জাসাসের কমিটি দেওয়া হয়েছিল তারা গত তিন বছরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। কমিটির সদস্যদের সক্রিয় করতে পারেননি। বাকি দুই মাসেও তারা জাসাসকে সক্রিয় করতে পারবেন না। রাজপথে আন্দোলন সংগ্রামে কোনো ভূমিকা রাখতে পারবেন না। পারার প্রশ্নই ওঠে না। তিনি বলেন, পূর্ণাঙ্গ কমিটিতে এমন অন্তত ১০০ নেতার নাম রয়েছে যাদের আমরা চিনি না। এসব নাম কোথা থেকে এসেছে তাও বুঝতে পারছি না।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মামুন আহমেদকে সভাপতি ও চিত্রনায়ক হেলাল খানকে সাধারণ সম্পাদক রেখে ১৮৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। কমিটিতে উপদেষ্টা হিসেবে ২৩ জনকে মনোনীত করা হয়েছে। কমিটির মেয়াদ ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত। কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন অভিনেতা বাবুল আহমেদ। সহ-সভাপতি হয়েছেন মনিরুজ্জামান মনির, ছড়াকার আবু সালেহ, আনিসুল ইসলাম সানি, ইথুন বাবু, সালাউদ্দিন মোল্লা, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর শিকদার, জাহাঙ্গীর আলম রিপন, লিয়াকত আলী, শাহরিয়ার ইসলাম শায়লা, হাসান চৌধুরী, জাহেদুল আলম হিটো, মীর সানাউল হক, শায়রুল কবির খান, আবু সাঈদ খান, শামসুল আলম, ড. রিজিয়া জোবেদ, শামসুদ্দিন দিদার, এসএম মনিরুল ইসলাম, শরীফ মাহমুদুল হক সঞ্চয় ও কেএম খালেকুজ্জামান জুয়েলসহ ৪০ জন। জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন রোকন।
২০১৭ সালের ১৯ জানুয়ারি ঢাবি অধ্যাপক ড. মামুন আহমেদকে সভাপতি ও চলচ্চিত্র অভিনেতা হেলাল খানকে সাধারণ সম্পাদক করে জাসাসের ৩০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। তখন ওই কমিটির বিরুদ্ধে আন্দোলন করেন জাসাস নেতা জাহাঙ্গীর শিকদার। ঘোষিত কমিটির নেতাদের নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত