মোংলার পশুর নদীতে খেয়া পারাপারের ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার হয়েছে। রবিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব ঘাট থেকে মোংলার হোলসিম ঘাটে আসার সময় নদীতে থাকা একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
তবে ডুবে যাওয়া ট্রলারটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও লোকজন।
ট্রলারটিতে প্রায় ১২০ জন যাত্রী ছিল বলে জানান ওই ট্রলার থেকে সাঁতরে কূলে ওঠা যাত্রীরা। তবে কতজন যাত্রী নিখোঁজ রয়েছে তা নিশ্চিতভাবে জানাতে পারছে না প্রশাসন।
নিখোঁজদের সন্ধানে সকাল সাড়ে ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে নৌ বাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, রবিবার সকাল পৌনে ৮টার দিকে খুলনার দাকোপ উপজেলার লাউডোব খেয়া ঘাট থেকে যাত্রী নিয়ে মোংলার হোলসিম খেয়া ঘাটে আসার সময় একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ট্রলারটি ড্রেজারের নিচে চলে যায়। তাৎক্ষণিক অনেক যাত্রী সাঁতরে কূলে উঠে গেলেও একজন মারা যায়। তার নাম সুন্দর বিশ্বাস (৫০)। বাড়ী খুলনার দাকোপ উপজেলার বাজুয়া গ্রামে।
ট্রলারে থাকা আহত, নিহত ও নিখোঁজ যাত্রীদের বাড়ী দাকোপের বিভিন্ন গ্রামে। এ সকল লোকজন মোংলার বিভিন্ন কলকারখানায় চাকরি করেন।
ওসি ইকবাল বলেন, ‘ট্রলারটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল বলে ঘটনাস্থলে এসে জানা গেছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
