সিনেমার গল্পকেও হার মানাল ইলিয়াস কাঞ্চনের জীবনের গল্প (ভিডিও)

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:৩৮ পিএম

ইলিয়াস কাঞ্চন। রাজপথের এক সংগ্রামী মানুষ। ২৫ বছর আগে সড়কে স্ত্রীকে হারিয়ে হৃদয়ে রক্তক্ষরণ বয়ে বেড়াচ্ছেন আজও। সেই ক্ষরণ থেকেই সড়ক নিরাপদ করতে নিরবচ্ছিন্ন ছুটে চলছেন তিনি। ২৫ বছর একাই করে গেছেন সংগ্রাম। নিরাপদ সড়কের দাবিতে পর্দার নায়ক রূপান্তরিত হয়েছেন বাস্তবের নায়কে।

নিরাপদ সড়কের লড়াইয়ে নিবেদিত এই মানুষটিকেও সম্প্রতি হতে হলো অপমানিত। ইলিয়াস কাঞ্চনের আন্দোলনে সমর্থন জানিয়েছে সরকারও। ১ নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন কার্যকর করেছে সরকার। এই নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে পরিবহন শ্রমিকেরা কর্মবিরতিও পালন করেছে। বিক্ষুব্ধ শ্রমিকেরা রাজপথে ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করেছে। ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। পোস্টার বানিয়ে অসম্মান করা হচ্ছে ইলিয়াস কাঞ্চনকে। পরিবহন শ্রমিকদের এমন আচরণের নিন্দা জানিয়েছে সাধারণ মানুষ।

ফেসবুকে ঢুকলেই দেখা যায়, ইলিয়াস কাঞ্চনকে বাস্তবের নায়ক উল্লেখ করে অসংখ্য স্ট্যাটাস। কেউ কেউ গ্রাফিকসের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনকে সুপারম্যান হিসেবেও তুলে ধরেছেন। ইলিয়াস কাঞ্চনের নানা সিনেমার নামের ওপর নির্ভর করেও তৈরি করা হয়েছে পোস্টার। এদিকে তারকারাও ইলিয়াস কাঞ্চনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি’র বাংলা ভার্সন ইলিয়াস কাঞ্চনের এই সংগ্রাম নিয়ে একটি ভিডিওচিত্র নির্মাণ করেছে। সেই ভিডিওতে ইলিয়াস কাঞ্চন তুলে ধরেছেন স্ত্রী হারানোর বেদনা, নিজের নিরাপদ সড়ক চাই আন্দোলনের গল্প।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত