আওয়ামী লীগে অনুপ্রবেশের বিষয়টি দীর্ঘদিনের উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ থেকে পরগাছা পরিষ্কারের চেষ্টা চলছে।’ তিনি বলেন, দলে আগাছা-পরগাছা পরিষ্কারের চেষ্টা অব্যাহত রয়েছে। বিআরটিসির মতিঝিল ডিপোতে গতকাল রবিবার প্রধানমন্ত্রীর অনুদান দেওয়া বাস বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দলে অনুপ্রবেশকারীদের তালিকা করা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘আমাদের কাছে সারা দেশের অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের তালিকা প্রধানমন্ত্রী দিয়েছেন। সেই তালিকা বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ অভিযোগ প্রমাণ হলে তাদের আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’
দলের সাধারণ সম্পাদক বলেন, দলের পাঁচটি সহযোগী সংগঠনের কমিটি দেওয়া হয়েছে৷ সেখানে আমরা স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব উপহার দিয়েছি। এ ছাড়া ৭০ জেলা-উপজেলায় কমিটি হয়েছে। সেখানেও স্বচ্ছ ভাবমূর্তির নেতৃত্ব আনা হয়েছে।
বিএনপির দলের অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত : বিএনপি এমন একটি দল, যারা আন্দোলন করতে পারে না দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, ‘বিএনপির দলের অভ্যন্তরে গণতন্ত্র অনুপস্থিত।’ কাদের বলেন, ‘দলের চেয়ারপারসন জেলে। তার মুক্তির জন্য একটা মিছিলও করতে পারেনি দলের নেতারা। দেশে ব্যর্থ হয়ে বিদেশিদের কাছে এখন বিচার দিচ্ছে। বিএনপি একটি নালিশ পার্টিতে পরিণত হয়েছে।
বিএনপি নেতাদের মুখের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই জানিয়ে তিনি বলেন, আমাদের সবখানে নিয়ন্ত্রণ রয়েছে, শুধু বিএনপির অপপ্রচারের নিয়ন্ত্রণ নেই। কাদের বলেন, সরকারবিরোধী মিথ্যাচারই এখন বিএনপির রাজনীতি। অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানকৃত আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষের হাতে ৯টি বিআরটিসির বাসের চাবি হস্তান্তর করেন। ভারত থেকে আমদানিকৃত এ বাসগুলোর প্রতিটিতে আসন সংখ্যা রয়েছে ৪৪টি করে।
