সিদ্ধিরগঞ্জে বাড়ির কেয়ারটেকার খুন

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ০৫:৩১ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় দুর্বৃত্তদের নির্যাতনে একটি বাড়ির কেয়ারটেকার খুন হয়েছেন। ইমতিয়াজ হোসেন (৬০) নামে নিহত ওই ব্যক্তির গ্রামের বাড়ি রংপুর। তিনি হাউজিং এলাকার আরব আলীর বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাড়িটির সিসি ক্যামেরার ফুটেজসহ আলামত সংগ্রহ করেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক বলেন, ঘটনাস্থল পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে মনে হচ্ছে জড়িতরা বাড়ির মালিকের পরিচিত। পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হতে পারে। তবে বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও তদন্ত করে প্রকৃত ঘটনা জানা

 

 যাবে। দ্রুতই জড়িতদের আটক করা হবে।

নিহতের ছেলে রমজান জানান, দুজন লোক সকালে ভাড়া নেওয়ার কথা বলে বাড়িতে আসেন। তখন মালিক প্রবাসী আরব আলীর স্ত্রী না থাকায় তার বাবা (ইমতিয়াজ) তাদের ঢুকতে দেননি। বিকেলে তারা আবার বাড়িতে ঢুকেই তার বাবাকে বেঁধে বেদম মারধর করেন। এ সময় তারা বাড়ির মালিকের স্ত্রী ও ছেলেকেও মারধর করেন। আগন্তুকদের মধ্যে একজনের পরনে বোরকা ও হাতমোজা ছিল বলে জানান ইমতিয়াজের স্ত্রী।

ওসি কামরুল ফারুক জানান, বাড়ির মালিক আরব আলী সৌদি আরব থাকেন। তার বাড়ি ঢাকার দোহার উপজেলায়। সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় ছয়তলা ভবনটিতে সকালে ভাড়াটিয়া সেজে আসে দুই দুর্বৃত্ত। দ্বিতীয়বার বিকেলে বোরকা পরে এসে ইমতিয়াজ হোসেনকে বেঁধে নির্যাতন করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয় খানপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ইমতিয়াজকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত