পাট শ্রমিকদের বকেয়া পরিশোধে ১০০ কোটি টাকা বরাদ্দ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪২ পিএম

বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় সরকারি পাটকল শ্রমিকদের আন্দোলনের মুখে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য ২০১৯-২০ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের অপ্রতাশিত ব্যয় খাত থেকে উক্ত পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

গত সোমবার থেকে বকেয়া বেতন-ভাতা প্রদান, মজুরি কমিশন গঠন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বাতিলসহ ১১ দফা দাবিতে খুলনা, যশোর, রাজশাহী ও নরসিংদীতে বিক্ষোভ করেন বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন শ্রমিকরা। গতকাল মঙ্গলবারও এ বিক্ষোভ অব্যাহত ছিল। আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে ‘ভাত দে, কাপড় দে, নইলে একটু বিষ দে’ সেস্নাগান দেন।

আন্দোনলের মুখে ১০০ কোটি টাকা বরাদ্দ দিলেও সরকার এ অর্থ ব্যবহারে কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে– পাটকলগুলোর অন্য কোনো খাতে এ টাকা ব্যয় করা যাবে না, সুনির্দিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট-পে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে, টাকা খরচের সাত দিনের মধ্যে পাটকলভিত্তিক কর্মচারী ও শ্রমিকদের তালিকাসহ বিস্তারিত ব্যয় বিবরণী অর্থ বিভাগে পাঠাতে হবে, সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে এবং বিধিবহিভূ©তভাবে কোনো অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়ী থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত