সাতক্ষীরার কালীগঞ্জে দাম্পত্য কলহে স্ত্রীকে হত্যার পর শৌচাগারের সেপটিক ট্যাংকে লাশ লুকিয়ে রেখে ‘স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না’ জানিয়ে থানায় জিডি করেছিলেন স্বামী। কিন্তু মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা টের পেয়ে পুলিশে খবর দিলে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেন স্বামী। নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছে কৃষককে। এছাড়া কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ তরুণের এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে তরুণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
সাতক্ষীরা : ঝগড়ার একপর্যায়ে স্ত্রী মারুফা বেগমকে (২৬) হত্যা করে শৌচাগারের সেপটিক ট্যাংকে লুকিয়ে রাখেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব সোনাতলা গ্রামের স্বামী শহীদুল ইসলাম। এরপর স্ত্রী নিখোঁজ জানিয়ে থানায় জিডি করেন। কিন্তু প্রতিবেশীদের সহায়তায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশ ওই স্বামীকে নিয়ে মারুফার মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেপ্তার দেখিয়েছে। স্বামী শহীদুল স্ত্রীকে হত্যা ও লাশ গুমের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
কালীগঞ্জ থানার ওসি দেলোয়ার হুসেন বলেন, উপজেলার শ্রীপুর ইউনিয়নের পূর্ব সোনাতলা গ্রামের কালাচাঁদ কারিগরের ছেলে শহীদুল ইসলাম গত ১৭ নভেম্বর থেকে স্ত্রী মারুফা বেগমকে পাওয়া যাচ্ছে না মর্মে থানায় ১৯ নভেম্বর একটি জিডি করেন। কিন্তু গতকাল প্রতিবেশীরা লাশের সন্ধান দেন। সবার সামনে শহীদুল স্ত্রী মারুফাকে জিডি করার আগের দিন গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন।
নেত্রকোনা : পূর্বধলা উপজেলায় দুর্বৃত্তের হামলায় কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক উপজেলার গোয়ালাকান্দা ইউনিয়নের শালদীঘা গ্রামের তালেব হোসেনের ছেলে আনোয়ার হোসেন ওরফে লাল মিয়া (৫৫)। তিনি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে ওই এলাকায় বাড়ির পাশের মোড়ে মসজিদের মাঠে ধর্মীয় মাহফিল থেকে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
উখিয়া (কক্সবাজার) : মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার চোয়াংখালী এলাকা থেকে গতকাল সকালে অজ্ঞাত তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সিদ্ধার্থ সাহা জানান।
লক্ষ্মীপুর : রামগঞ্জের জিয়া শপিং কমপ্লেক্সের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইরানি বোরকা হাউজ থেকে গতকাল সকালে সোহাগ মুছুল্লী (২৭) নামে এক তরুণ ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ উপজেলার পৌর জগৎপুর গ্রামের আবদুর রব মুছুল্লীর ছেলে।
