‘মারধর থেকে বাঁচতে’ হ্যান্ডকাফসহ ফাঁড়ি থেকে পালিয়ে পরে থানায় আত্মসমর্পণ

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ০৯:০৯ পিএম

রাজধানীতে গ্রিলকাটা চোর সন্দেহে গ্রেপ্তার হওয়া মুরাদ শিকদার নামে এক যুবক আজিমপুর পুলিশ ফাঁড়ি থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গিয়ে পরে থানায় আত্মসমর্পণ করেছে।

আজিমপুর ফাঁড়ি থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে মুরাদ বৃহস্পতিবার লালবাগ থানায় আত্মসমর্পণ করেন। তিনি লালবাগের শহীদ নগরের ৮ নম্বর গলির বাসিন্দা মোহাম্মদ শিকদারের ছেলে। তবে আজিমপুর ফাঁড়ির পুলিশের দাবি, পালিয়ে যাওয়ার পর তল্লাশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে মুরাদ লালবাগ থানার পুলিশ কর্মকর্তাদের জানান, বুধবার রাতে ফাঁড়ির পুলিশ বাসায় এসে ঘুম থেকে জেগে তোলে বলেন থানার বড় কর্মকর্তারা তার সঙ্গে কথা বলবেন। এ কথা বলে তাকে আজিমপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে হ্যান্ডকাফ পরিয়ে ব্যাপক মারধর শুরু করে পুলিশ। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফিরলে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার সময় পাহারায় থাকা পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। বৃহস্পতিবার সকালে তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

মুরাদের মা শেফালি বেগম সাংবাদিকদের বলেন, ‘পোলাডা ঘরে ঘুমাইছিল। পুলিশ কথা আছে বইলা হাতে হ্যান্ডকাফ পড়াইয়া নিয়া গেল। রাতে কী মাইরটাই মারছে। পিটাইয়া হাত-পা ফুলাইয়া ফালাইছে।

মুরাদের বাবা মোহাম্মদ শিকদার পেশায় রিকশাচালক। তিনি বলেন, পোলাডা জান বাঁচাইতে ফাঁড়ি থেকে পলাইয়া থানায় আত্মসমর্পণ করে।

মুরাদের বাবা-মায়ের দাবি তার ছেলে চোর নয়, স্টিলের কারখানায় চাকরি করেন।

আজিমপুর ফাঁড়ির ইনচার্জ বিনয় কুমার রায় জানান, গত ১৭ নভেম্বর আজিমপুর কলোনির একটি বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় গত ২৫ নভেম্বর থানায় মামলা হয়। তদন্ত করতে গিয়ে মুরাদের নাম আসে। সে গ্রিলকাটা চোর চক্রের সদস্য। এ কারণে সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার নামে হ্যান্ডকাফসহ সে পালিয়ে যায়। রাতেই তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয় বলে দাবি করেন তিনি।

মুরাদের নামে আগের কোন মামলা আছে কিনা জানতে চাইলে আজিমপুর ফাঁড়ির ইনচার্জ এ বিষয়ে কোন তথ্য নেই উল্লেখের পাশাপাশি তাকে মারধরের কথা অস্বীকার করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন বলেন, এ কথা সত্যি যে আসামি ফাঁড়ি থেকে পালিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত