আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে অভিযান চালিয়ে শীর্ষ দুই টিকিট কালোবাজারিকে আটকের পর কারাদ- দেওয়া হয়েছে। গত বুধবার রাতে আখাউড়া রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে ‘৭১’ নামে একটি দোকানের সামনে টিকিট বিক্রির সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাদের আটক করে।
আটক দুই টিকিট কালোবাজারি মো. মিলন মিয়া (৫০) ও তার সহযোগী মো. মোহাব্বত আলী (৬৫)। মিলন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের মৃত মহররম আলীর ছেলে এবং মোহব্বত আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়া গ্রামের বাসিন্দা মৃত মোকছেদ আলীর ছেলে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন তারিখের আখাউড়া হয়ে চট্টগ্রাম-ঢাকা ও আখাউড়া হয়ে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর গোধূলি, আন্তঃনগর মহানগর প্রভাতি, আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের আগাম ৭৫ টিকিটের মধ্যে ১০১টি আসনের টিকিট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই কালোবাজারির একজনকে ৫ মাস ও অন্যজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদ-াদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।
