ব্যবহারকারীদের তীব্র আপত্তির মুখে ৬ মাস কিংবা তার বেশি দিনের অচল অ্যাকাউন্ট ডিলিটের পরিকল্পনা থেকে আপাতত পিছু হটেছে টুইটার। পুরনো অব্যবহৃত অ্যাকাউন্ট ডিলিট করার ঘোষণা দেওয়ার একদিনের মাথায় এমন উল্টো সিদ্ধান্ত নিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
‘নিয়ন্ত্রণের উদ্বেগ’ থেকে প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছিল বলে জানানো হয়েছে। টুইটার কর্মকর্তারা বলছেন, যে অ্যাকাউন্টের ব্যবহারকারী মারা গেছেন তাদের স্মরণ করার জন্য কোনো ফিচার চালু না করে কোনো আইডি ডিলিট করা হবে না।
গত ২৭ নভেম্বর টুইটারের পক্ষ থেকে বলা হয়েছিল- যেসব টুইটার অ্যাকাউন্ট ৬ মাস বন্ধ সেগুলো থেকে ডিসেম্বরের ১১ তারিখের ভেতর লগইন করা না হলে ডিলিট করে দেবে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।
টুইটার জানিয়েছে, মারা যাওয়া ব্যক্তির অ্যাকাউন্ট থেকে এই সময়ে অন্য কেউ পোস্ট না করলে সেগুলোও বন্ধ করে দেওয়া হবে।
কর্মকর্তারা দাবি করেছিলেন, যারা দীর্ঘদিন লগইন করেন না, তারা টুইটারের সর্বশেষ প্রাইভেসি পলিসি সম্পর্কে জানেন না। এক্ষেত্রে প্রথম দিকে যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নিবন্ধিত অ্যাকাউন্টগুলো ডিলিট করা হবে। এছাড়া যারা মাঝে মাঝে লগইন করে, কিন্তু ওয়েবসাইটে কোনো কাজ করে না ভবিষ্যতে তাদের অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাকাউন্ট ডিলিট করার জন্য টুইটার সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছিল। আমেরিকার পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে শুরুতে এটি করার কথা ছিল।
ধারাবাহিক পোস্টের মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ‘কনফিউশন সৃষ্টির জন্য আমরা ক্ষমা চাচ্ছি। পোস্টের মাধ্যমে পরবর্তী আপডেট জানানো হবে।’
