বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোন অবস্থার ভেতর দিয়ে গিয়েছিলেন, সেটি এতদিন বাদে প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
সেই ম্যাচে কিউই পেসারদের দাপটে ভারতের টপ অর্ডার দ্রুত ফিরে যায়। মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাদেজার জুটি জাগিয়েছিল ভারতের আশার আলো। কিন্তু ধোনি রানআউট হওয়ার সঙ্গে সঙ্গে তা হতাশায় পরিণত হয়।
সেমিফাইনালে সেই পরাজয় নিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘ব্যর্থতায় আমিও প্রভাবিত হই। প্রত্যেকেই হয়। দিন শেষে আমি জানতাম যে, দলের প্রয়োজন ছিল আমাকে। সেদিন আমার হৃদয়ে এই বিশ্বাস জোরালো ছিল যে, অপরাজিত থেকে ভারতকে সেমিফাইনালে জিতিয়ে ফিরব।’
‘তখন আমার ইগো এসব ভাবছিল। এটা করার পক্ষে তীব্র ইচ্ছা বা অনুভূতি জেগেছিল। কিন্তু পারিনি।’
কোহলি সেদিন যেভাবে ক্রিজে গিয়েছিলেন, যেভাবে ব্যাট করছিলেন, তাতে ধরা পড়ছিল ম্যাচে কতটা তীব্রভাবে জড়িয়ে ছিলেন তিনি। ফিল্ডিংয়ের সময়ও মনে হচ্ছিল মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছেন।
বলেছেন, ‘আমি হারতে ঘৃণা করি। যখন আমি মাঠে নামি তখন এটা বিশাল সম্মান বলে মনে করি। যখন আমি বেরিয়ে যাই, তখন কোনও এনার্জিই পাই না। আমরা এমন একটা উদাহরণ রেখে যেতে চাই যেন ভবিষ্যতের ক্রিকেটাররা আমাদের মতো খেলতে চাওয়ার কথা বলে।’
