কাফরুলে ঘুমন্ত ব্যাংকারকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ০২:১৬ এএম

রাজধানীর পূর্ব কাফরুলে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন আবু সাঈদ মিল্টন (৩৮) নামে ব্যাংক কর্মকর্তা। তিনি আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের কর্মকর্তা। বৃহস্পতিবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে পূর্ব কাফরুলের ১৯৬/১ নম্বর ভাড়া বাসায় দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন।

মিল্টনের স্ত্রী সুমাইয়া শামস গতকাল শুক্রবার মোবাইল ফোনে দেশ রূপান্তরকে বলেন, আজ (শুক্রবার) ভোররাত সাড়ে ৪টার দিকে বাড়ির মালিক ফোনে আমার স্বামীর বিষয়টি জানান। খবর পেয়ে আমি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। যতদূর জানতে পেরেছি, আমার স্বামীকে ঘুমন্ত অবস্থায় রান্নাঘরের বঁটি দিয়ে কোপানোর পর রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করেছে। ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যান বাড়ির মালিকের আত্মীয়স্বজন। পুলিশকে খবর দেওয়ার পর কাফরুল থানা পুলিশের একাধিক কর্মকর্তা বাসায় গিয়ে দেখেছেন, আলমারির ড্রয়ারে খোলা। তার মধ্যে কোনো কিছু নেই। সুমাইয়া বলেন, হামলার কয়েক দিন আগেও বাসার আশপাশে চোর চোর চিৎকার শুনেছেন তার স্বামী। হামলাকারী কারা সে বিষয়ে কিছুই বুঝতে পারছেন না। তিনি বলেন, বাসায় কিছু টাকা ও স্বর্ণালঙ্কার ছিল যেগুলো পাওয়া যাচ্ছে না বলেও জানতে পেরেছি। ঘটনার পর তার স্বামীকে প্রথমে হাইটেক হাসপাতাল, পরে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর তার ভাই ডা. জুবায়ের আকনের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে।

কাফরুল থানার কর্তব্যরত এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আমাদের থানার পুলিশ একাধিকবার গিয়েছেন। হাসপাতালে গিয়েও খোঁজখবর নিয়েছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে কোনো চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত