এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিতর্ক এড়াতে পারেনি আয়োজক নেপাল। বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে মাত করার চেষ্টা করলেও মার্চপাস্ট পর্বেই ছিল বিতর্ক। যেখানে একমাত্র নেপাল বাদে অন্য কোনো দেশের ক্রীড়াবিদরা বড় পতাকা বহনের সুযোগ পাননি!
আয়োজক নেপালই শুধু বড় পতাকা বহন করেছে। অন্য ছয় দেশ সেই সুযোগ পায়নি। যা কালি হয়েই লেগেছে ১৩তম এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে।
রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে পর্দা ওঠে এবারের এসএ গেমসের। সাধারণত এসএ গেমস, এশিয়ান গেমস, অলিম্পিকের মতো একাধিক ক্রীড়ার আসরগুলোতে উদ্বোধনী অনুষ্ঠানে মার্চপাস্ট বরাবরই আকর্ষণীয় অংশ হয়ে থাকে। মার্চপাস্টে প্রতিযোগিতার অংশ নিতে যাওয়া প্রত্যেকর দেশের ক্রীড়াবিদ, কর্মকর্তারা দল বেঁধে অংশ নেন। যে কোনো একজনকে দেওয়া হয় নিজ দেশের পতাকা বহনের দায়িত্ব।
এবারের এসএ গেমসে বাংলাদেশের পতাকা বহনের মর্যাদা দেওয়া হয়েছিল ২০১৬ শিলং-গৌহাটি গেমসে জোড়া স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শীলাকে। প্রতিযোগিতায় অংশ না নিলেও শীলার অর্জনের প্রতি সম্মান প্রদর্শন করে বিওএ তাকে এই দায়িত্ব দেয়।
কিন্তু সেই সুযোগটাই যে পেলেন না শীলা। অন্য ক্রীড়াবিদদের মতো শীলাকেও তাই ছোট্ট কাঠিতে বাঁধা পতাকা হাতে মাঠ প্রদক্ষিণ করতে হয়েছে।
