নেপালে চলতি এসএ গেমসে নিজেরে ইভেন্টে স্বর্ণ এনে দিতে পেরে, দেশের পতাকা উঁচিয়ে ধরতে পেরে গর্বিত আল আমিন। মঙ্গলবার কারাতে ইভেন্টের ৬০ কেজি কুমিতে স্বর্ণ জেতেন। টুর্নামেন্টে পদক তালিকায় বাংলাদেশকে সবার ওপর দেখতে চান তিনি।
শ্রেষ্ঠত্ব দেখানোর পর প্রতিক্রিয়ায় আল আমিন বলেন, “বাংলাদেশকে আমি দ্বিতীয় গোল্ড মেডেল এনে দিতে পেরেছি এতে আমি গর্বিত। নিজের চেষ্টায় বাংলাদেশের মানুষকে কিছু এনে দিতে পেরেছি এবং বাংলাদেশের পতাকা বিদেশের মাটিতে উড়াতে পেরেছি এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রাউড ফিল করছি।”
আল আমিনের পর কারাতে ইভেন্টে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব-৫৫ কেজির ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে স্বর্ণ এনে দিয়েছেন মারাজানা আক্তার পিয়া। টুর্নামেন্টে তৃতীয় দিনেই লাল-সবুজদের স্বর্ণ পদক দাঁড়িয়েছে তিনটি। টুর্নামেন্টে বাংলাদেশকে কোন পর্যায়ে দেখতে চান- এমন প্রশ্নে আল আমিনের জবাব, “বাংলাদেশকে আমরা দেখতে চাই সব দেশের ওপরে। আমি চেষ্টা করতে চাই, বাংলাদেশের পতাকা যেন আরও ওপরে তুলে ধরতে পারি।...”
পদকটি বাবা-মা ও শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলামকে উৎসর্গ করতে চান আল আমিন। তার এই অর্জনের পেছনে যারা সহযোগিতা করেছেন তাদের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করলে সেনাবাহিনীর এই ক্রীড়াবিদ।
