আসিফের সিনেমার প্রথম গান প্রকাশ্যে (ভিডিও)

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৭ পিএম

আসিফ আকবর অভিনীত ‘গহীনের গান’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০ ডিসেম্বর। এরই মধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার। এবার বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে ছবির প্রথম গান ‘এমনও বরষায়’।

ছবিতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া ভিন্ন ভিন্ন বিষয়ের ৯টি গান। ‘এমনও বরষায়’ গানটিতে পর্দায় দেখা যাবে তমা মির্জা ও আমান রেজাকে।

এ উপলক্ষে সোমবার সন্ধ্যা ৭টায় বাংলাঢোলের ফেসবুক পেইজ থেকে লাইভে এসেছিলেন ছবিটির শিল্পী-কুশলীরা। ছিলেন তিন অভিনয়শিল্পী আসিফ আকবর, তমা মির্জা, তানজিকা আমিন, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুন মুন্সী, প্রযোজক এনামুল হক, সিনেমাটোগ্রাফার বিদ্রোহী দীপন এবং চিত্রনাট্যকার ও নির্মাতা সাদাত হোসাইন। 

ভক্ত-শ্রোতা-দর্শকদের উদ্দেশে আসিফ বলেন, “আজ থেকে আমাদের গান প্রকাশ শুরু হলো। আমরা অবশ্যই আপনাদের ভালো রেসপন্সের জন্য অপেক্ষা করবো। আর ছবি সংক্রান্ত আপডেট নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে আসবো।”

এক প্রবাসীর প্রশ্নের জবাবে আসিফ জানান, প্রবাসীদের জন্যও ছবিটি দেখার সুযোগ থাকছে। দেশীয় কনটেন্টের জনপ্রিয় অ্যাপ বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে কিছুদিন পর উন্মুক্ত করা হবে ‘গহীনের গান’। এ ছাড়া দেশের বাইরেও বিশেষ প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। 

প্রযোজক এনামুল হক বলেন, “আজ আমাদের প্রথম গান রিলিজ হলো। আপনাদের আগ্রহের ওপর ভিত্তি করে অন্য গানগুলোও প্রকাশ করবো। আমার বিশ্বাস, ছবির সবগুলো আপনাদের ভালো লাগবে।”

প্রচারের অংশ হিসেবে ‘গহীনের গান’ টিম প্রতিযোগিতার আয়োজন করেছে। যে কেউ GG লিখে 04445655000 নম্বরে এসএমএম করে জিতে নিতে পারছেন তারকাদের সঙ্গে বসে সরাসরি ছবিটি দেখার সুযোগ।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত