রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে এক বৃদ্ধা এবং তার গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধার নাম রহিমা বেগম (৬০), তার গৃহকর্মীর নাম সুমি আক্তার (২০)।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার পরে মিরপুর ২ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাড়ির চতুর্থ তলা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
রহিমা মিরপুরের স্থায়ী বাসিন্দা, সুমির বাড়ি পিরোজপুরে। সুমী এক দিন আগে ওই বাড়িতে কাজ নিয়েছিলেন।
মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ আকতার হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে এবং দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মিরপুর থানার ওসি মোস্তাজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গৃহকর্মী মেয়েটির কোনো খবর না পেয়ে তার খালা সন্ধ্যায় ওই বাসায় যান। দরজা খোলা দেখতে পেয়ে ঘরে ঢুকে মৃতদেহ দেখে তিনি পুলিশে খবর দেন।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই বৃদ্ধার এক পালিত পুত্র মাঝে-মধ্যে ওই বাসায় যেতেন। ওই পালিতপুত্রর খোঁজ করা হচ্ছে।
