চাঁদের বুকে ভারতের চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ চিহ্নিত করা গেছে। তিন মাস খোঁজের পর অবশেষে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবির সাহায্যে চাঁদের দক্ষিণ মেরু থেকে তা খুঁজে পাওয়া গেছে।
ভারতের চেন্নাইয়ে এক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে কাজ করেন মেক্যানিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ার সন্মুগ সুব্রহ্মণ্যন এটি খুঁজে পেয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ল্যান্ডারের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে নাসা। একটি ছবিও টুইট করেছে তারা।
এর আগে ২৬ সেপ্টেম্বর চাঁদের বুকে বিক্রমের ভেঙে পড়ার জায়গাটির ছবি প্রকাশ করেছিল নাসা।
নাসার বিবৃতিতে বলা হয়েছে, ভারতের মেকানিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়র সন্মুগ সুব্রহ্মণ্যন তাদের এলআরও প্রজেক্টের সঙ্গে যোগাযোগ করেছেন। সেখানে সন্মুগ দাবি করেন, নাসার প্রকাশিত ওই ছবিতে বিক্রম-এর ধ্বংসাবশেষ চিহ্নিত করতে পেরেছেন তিনি।
যেখানে বিক্রম ভেঙে পড়েছিল তার ঠিক ৭৫০ মিটার উত্তর-পশ্চিমে এটির ধ্বংসাবশেষ চিহ্নিত করেন সন্মুগ। এর জন্য নাসা পুরো কৃতিত্বই সন্মুগকে দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের সময় চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এই বিক্রমের মধ্যে ছিল রোভার প্রজ্ঞাণ। তখনই ধারণা করা হয়েছিল, চাঁদের বুকে কোথাও আছড়ে পড়েছে বিক্রম।
