পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪০ এএম

পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ১১ দফা দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করেছেন শ্রমিকরা।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ৬ দিনের কর্মসূচির চতুর্থ দিনে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি রয়েছে।

দাবি বাস্তবায়ন চেয়ে আগামী ১০ ডিসেম্বর থেকে খুলনা, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জন্য শ্রমিকরা আমরণ অনশন কর্মসূচি শুরু করবেন বলে জানা গেছে।

দেশ রূপান্তরের খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক জানান, পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহের মজুরি প্রতি সপ্তাহে দেওয়াসহ ১১ দফা দাবিতে গত ১৭ নভেম্বর ৬ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদ। এ কর্মসূচির চতুর্থ দিনে মঙ্গলবার ভোর ৬টায় খালিশপুর শিল্প এলাকার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন ও নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই জুটমিলের শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে নিজ নিজ মিল গেটে সমবেত হয়ে বিক্ষোভ করেন। এ সময় শ্রমিকরা খালিশপুর বিআইডিসি রোডে অবস্থান নিয়ে দুপাশের যান চলাচল বন্ধ করে দেন। বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।

এ কর্মসূচি চলাকালে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় দফায় দফায় গেট সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে শ্রমিকদের দাবি বাস্তবায়নের জন্য বিজেএমসি কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

দুপুর ১টায় প্লাটিনাম জুবিলী জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের সিবিএ-নন সিবিএ শ্রমিকদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন এ বৈঠকে সভাপতিত্ব করেন।

আগামী ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় গেট সভা ও ১০ ডিসেম্বর সকাল ৮ থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন পাটকল শ্রমিকরা।

আমাদের নরসিংদী প্রতিনিধি জানান, জেলার ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুটমিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক কর্মবিরতি কর্মসূচিতে অংশ নেন। ২৪ ঘণ্টার ধর্মঘট চলে গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত।

মজুরি কমিশনসহ ১১ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। এই কর্মসূচিতে গতকাল সকাল থেকেই শ্রমিকরা মিলের প্রধান ফটকের সামনে জমায়েত হয়ে গেট সভা-বিক্ষোভ করেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনেও বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা দেওয়া ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ বিভিন্ন দাবি জানিয়ে আসছি। তবে পাটকল শ্রমিকদের দাবি আদায় হয়নি। অচিরেই দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, ৯ ডিসেম্বরের মধ্যে দাবি মানা না হলে ১০ ডিসেম্বর থেকে তারা আমরণ অনশনে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত