প্রয়োজনের তাগিদেই নতুন কিছুর উদ্ভাবন হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, দেশ-বিদেশে এসব উদ্ভাবনের ব্যাপক চাহিদা রয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে অনুষ্ঠিত ‘উদ্ভাবকের খোঁজে সিজন-২’ রিয়েলিটি শো’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তরুণ উদ্যোক্তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে ডিভাইস ও ধারণা উদ্ভাবন করছে, তা আমাদের সমস্যাগুলোকে লাঘব করছে। ভবিষ্যতেও সেটি করবে। তরুণরা ঝুঁকি নিতে পারে বলেই নতুন নতুন ধারণার উদ্ভব হচ্ছে। তাদের এই উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, “আমাদের দেশে ৫ কোটি গ্রাহকের একটি বড় বাজার রয়েছে, যা অনেক দেশেই নেই। এতে করে একটি পণ্য বা সেবা বাজারে আসা মানেই সেটির জন্য বিশাল একটি বাজার প্রস্তুত থাকল। তরুণদের উৎসাহিত করতে সরকার ইতিমধ্যে বাংলাদেশ স্টার্টআপ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ১০০ কোটি টাকা বরাদ্দ করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে সম্পর্কিত প্রযুক্তিগুলো গবেষণায় রাখা হয়েছে আরও ৫০ কোটি। ‘মেইড ইন বাংলাদেশ’ বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা।”
