রাজধানীর সেগুনবাগিচায় সোমবার রাতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়েছে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সিরাজুদৌলা ও আলমগীর হোসেন। তারা সেগুনবাগিচা ইউনিট আওয়ামী লীগের কর্মী। গতকাল মঙ্গলবার তাদের দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শাহবাগ থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল করিমের অভিযোগ কাউন্সিলর রতনের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়। এ কারণে ক্ষুব্ধ হন ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন। গত সোমবার রাতে মহানগর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে রতনের অনুসারীরা রেজাউল করিম ও তার সমর্থকদের ওপর হামলা করেন। হামলায় রেজাউল করিম ও তার স্ত্রী মহিলা লীগ নেত্রী ফাতেমা করিম ও আওয়ামী লীগ নেতা মামুনসহ ৫ জন আহত হন। এদের মধ্যে মামুনের অবস্থা আশঙ্কাজনক।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে মালেক, রাজীব, শাওন, তুষার, সামছুদ্দিন, শ্যামল ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। তাদের মধ্যে সিরাজ ও আলমগীরকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
