কাবাডির লজ্জার দিনে মালেকার অবসর ভাবনা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:০৩ এএম

দেশের কাবাডি অঙ্গনে আজ শোকের দিন। মেয়েদের কাবাডিতে রৌপ্যপদক ধরে রাখার যে স্বপ্ন নিয়ে কাঠমান্ডz এসেছিল কাবাডি দল, সেই দলটিই কিনা প্রথম ম্যাচে হেরে গেছে স্বাগতিক নেপালের কাছে। যাদের কছে হারের অতীত কোনো অভিজ্ঞতা ছিল না বাংলাদেশের। গতকাল হালচউক কাবাডি স্টেডিয়ামে নেপাল ৩৬-২৫ পয়েন্টে লজ্জা দেয় বাংলাদেশকে। যদিও এই হারের পর পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ উঠেছে। তাদের দাবি, জোর করে বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে স্বাগতিকদের সুবিধা দিতে। ব্যবধানটা যখন অনেক, তখন অবশ্য এই অভিযোগগুলোকে অজুহাতই বলা চলে। আর কাবাডির এই লজ্জার দিনে দলের অধিনায়ক শাহনাজ পারভীন মালেকা জানালেন অবসরের ভাবনা।

আগের দিন অনেক আশা নিয়েই এসএ গেমস মিশন শুরুর কথা বলেছিলেন মালেকা। এবার প্রস্তুতিও আগের চেয়ে ভালো হওয়ার কথা বলেন তিনি। কিন্তু শুরুতেই এমন ধাক্কার পর রুপা জয়ের স্বপ্ন অনেকটাই ধূসর তার দলের। সেটা বুঝতে পেরেই হয়তো দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার কথা বললেন মালেকা, ‘অনেক তো খেললাম। তাই এবার নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে চাই। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছে রয়েছে আমার।’

কাবাডিতে আসা ২০০৫ সালে। এরপর থেকে মেয়েদের জাতীয় দলের নিয়মিত মুখ মালেকার সাফল্যের তালিকাটা ছোট নয়। ২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে ব্রোঞ্জজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। সে বছরই ঢাকা এসএ গেমসে দেশকে এনে দেন রুপা। এশিয়ান বিচ গেমসেও তার নেতৃত্বে ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। ২০১৪ ইনচন এশিয়ান গেমসেও ব্রোঞ্জ পদকজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালে তার নেতৃত্বে গৌহাটি-শিলং গেমসেও রুপা জিতে দেশ। যদিও ইনচনে জেতা এশিয়াডের ব্রোঞ্জপদক জাকার্তা গেমসে হারান ২০১৮ সালে। এমন ক্যারিয়ারে শেষটা নিশ্চয় আরেকটি রুপার পদক দিয়ে রাঙাতে চেয়েছিলেন মালেকা। কিন্তু তা অনিশ্চয়তায় পড়ে গেল। এবার অবশ্য তার আসার কথা ছিল জাতীয় দলের সহকারী কোচ হিসেবে। কিন্তু ভারতে প্রস্তুতি ম্যাচ খেলতে যাওয়ার আগে তাকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়। এই আসর দিয়েই শেষ হবে মালেকার ১৪ বছরের দীর্ঘ ক্যারিয়ার। যাওয়ার বেলায় অনুজদের কাছ থেকে ভালো কিছুই চাইছেন মালেকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত