শাস্ত্রীয় সংগীতের ধারা অব্যাহত এবং আরও বেগবান করতে ঢাকার বাইরে টানা তৃতীয়বারের মতো শাস্ত্রীয় সংগীতের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের বাতিঘরখ্যাত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে।
সংস্কৃতি বিকাশ কেন্দ্রের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাতভর আসরটি বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে দেশি-বিদেশি ৩০ জন শাস্ত্রীয় সংগীতশিল্পী অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এবারের আসরে উচ্চাঙ্গসংগীত, যন্ত্রসংগীত ও উচ্চাঙ্গ নৃত্য (ভরতনাট্যম, কত্থক, মণিপুরী) পরিবেশিত হবে। এ ছাড়া অনুষ্ঠানে অর্কেস্ট্রা পরিবেশিত হবে শুদ্ধ সংগীত পরিষদ কর্তৃক। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মাহফুজ আহমেদ বলেন, প্রতি বছর শাস্ত্রীয় সংগীত উৎসব দেখা ও উপভোগ করার জন্য এ দিনটার অপেক্ষায় থাকি। ঢাকার বাইরে সচরাচর এসব প্রোগ্রাম হয় না।
×
