পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
আনন্দবাজার পত্রিকা জানায়, বুধবার লোকসভায় পেঁয়াজের অস্বাভাবিক দাম-বৃদ্ধি নিয়ে বিতর্কের সময় অর্থমন্ত্রী জানান, ফলন খুব কম হয়েছে বলে মিশর থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তখন এক বিরোধী সাংসদ তাকে প্রশ্ন করেন, ‘আপনি কি মিসরের পেঁয়াজ খান?’
জবাবে নির্মলা বলেন, ‘আমি পেঁয়াজ, রসুন খাই না বললেই চলে। তাই আমাকে নিয়ে উদ্বিগ্ন হবেন না। আমি যে পরিবার থেকে এসেছি, সেখানে পেঁয়াজ খাবার ততটা চল নেই।’
অর্থমন্ত্রীর এমন মন্তব্যে পার্লামেন্টে হাস্যরসের সৃষ্টি হয়। বিরোধী এমপিরা তাকে ‘মারি আঁতোয়ানেত’ বলে সম্বোধন করতে থাকেন। ফ্রান্সে রাজা ষোড়শ লুইয়ের শাসনামলে ভয়াবহ খাদ্য সংকট চলাকালীন রানি মারি আঁতোয়ানেত প্রজাদের পাউরুটি খেয়ে থাকতে বলেছিলেন।
এদিন টুইটার বার্তায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম ছেলে লোকসভা সদস্য কার্তিও নির্মলাকে ‘আমাদের মারি আঁতোয়ানেত’ বলে কটাক্ষ করেন।
এদিকে তিহার জেল থেকে মুক্তি পেয়েই পার্লামেন্টে হাজির হন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তার আগে এক সাংবাদিক সম্মেলনে চিদাম্বরম ভারতের ভঙ্গুর অর্থনীতি নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে।
তিনি বলেন, ‘অর্থনীতি নিয়ে প্রধানমন্ত্রী মুখে কুলুপ এঁটে থাকেন। সব ছেড়ে দিয়েছেন মন্ত্রীদের ওপর, যারা সব সময় মিথ্যে বলে চলেছেন।’
