বাড়ির অদূরে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ১২:২৪ পিএম

পূর্ব বিরোধের জেরে বাগেরহাট শহরের কৃষ্ণনগর এলাকায় হেলাল আকন (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার সকাল ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়।

পূর্ব বিরোধের জেরে হেলালকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

নিহত হেলাল আকন বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকার শাহজাহান আকনের ছেলে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট পৌরসভার কৃষ্ণনগর এলাকায় বাড়ির অদূরে লাঠিসোঁটা নিয়ে হেলাল আকনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে তিনি গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পরিবারের বরাত দিয়ে বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাতাব উদ্দীন সকালে এই প্রতিবেদককে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোঁটা নিয়ে একদল লোক হেলাল আকন নামে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে বাড়ির অদূরে ফেলে রেখে চলে যায়।

পরে তার ডাক-চিৎকার শুনে বাড়ির ও স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি জানান, আহত হেলালের মাথার আঘাত ছিল গুরুতর। শুক্রবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

তিনি বলেন, হেলালের সঙ্গে স্থানীয় কিছু লোকের পূর্ব বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে তাকে প্রতিপক্ষরা পিটিয়ে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী হেলালে সঙ্গে স্থানীয় কাদের সঙ্গে বিরোধ ছিল তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত