সরকারি বিপণন সংস্থা টিসিবির পর এবার ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রিতে নামছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এটি পুলিশ কর্মকর্তাদের সহধর্মিণীদের সংগঠন। আজ শনিবার সকাল ১০টা থেকে নগরীর ৫টি থানা এলাকায় এই দরে পেঁয়াজ বিক্রি শুরু করবে পুনাক।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মাহবুবুর রহমান এ বিষয়ে দেশ রূপান্তরকে বলেন, ‘নগরীর কোতোয়ালি, খুলশী, পাহাড়তলী, ইপিজেড ও চান্দগাঁও থানা এলাকায় পুনাকের পেঁয়াজ বিক্রি কার্যক্রম চলবে। পুনাকের নিজস্ব অর্থে আমদানিকারকদের কাছ থেকে এসব পেঁয়াজ কিনে সাধারণ মানুষের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। পুলিশের পক্ষ থেকে তাদের সহযোগিতা দেওয়া হবে।’ তিনি বলেন, ‘এটা একদিকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অন্যদিকে পেঁয়াজ নিয়ে অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’
সংশ্লিষ্টরা জানান, পুনাকের এক কর্মসূচিতে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা দরে বিক্রি করা হবে। নগরীর ৫টি স্পটের প্রতিটিতে প্রতিদিন ১ টন করে পেঁয়াজ বিক্রির জন্য রাখা হবে। ক্রেতারা প্রত্যেকে ১ কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। পুনাকের সদস্যরা নিজেরা উপস্থিত থেকে এই পেঁয়াজ বিক্রি করবেন।
সিএমপির কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, ‘পুনাকের পেঁয়াজ বিক্রি কর্মসূচির আওতায় শনিবার (আজ) সকাল ১০টা থেকে কোতোয়ালি থানার মোড়ে পেঁয়াজ বিক্রি করা হবে। পুনাক সদস্যরা নিজেরাই এ পেঁয়াজ বিক্রি করবেন।’
দুই মাসের বেশি সময় ধরে সারা দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছে। চট্টগ্রামে গত সেপ্টেম্বরের শেষ দিকে যে পেঁয়াজ কেজি ২০-৩০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ২০০-২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় এ সংকট শুরু হয়। এরপর মিয়ানমার, মিসর, পাকিস্তান, চীন, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আমদানিকারকরা পেঁয়াজ আনলেও সংকট কাটেনি; বরং বেড়েছে। এ অবস্থায় কয়েক দিন ধরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যোগে ট্রাকে করে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। সারা দেশে এর সংখ্যাও বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকার ত্রাণ সংগ্রহের লাইনের মতো সকাল থেকে রাত পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ক্রেতাদের এসব পেঁয়াজ কিনতে দেখা গেছে।
