ভারোত্তলন থেকে দ্বিতীয় স্বর্ণ উপহার দিলেন জিয়ারুল

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০২:৫৪ পিএম

এসএ গেমসে ভারোত্তলন ডিসিপ্লিন থেকে দ্বিতীয় স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। শনিবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন জিয়ারুল ইসলাম। যা দিনের দ্বিতীয় ও এবারের আসরের ষষ্ঠ স্বর্ণ।

জিয়ারুল স্বর্ণ জয় করেন নেপাল ও ভুটানের প্রতিযোগীকে পেছনে ফেলে। স্ন্যাচে সর্বোচ্চ ১২০ ও ক্লিন অ্যান্ড জার্কে সর্বোচ্চ ১৪২ কেজি মিলে সর্বমোট ২৬২ কেজি ওজন তুলে সেরা হয়েছেন জিয়ারুল। নেপালের বিশাল সিং সব মিলে ২৪৭ কেজি ওজন তুলে রুপা ও ভুটানের কিনলে ১৭০ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জয় করেন।

এর আগে এদিন সকালে মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জয় করেন মাবিয়া আক্তার সীমান্ত। টানা তিন দিন স্বর্ণ খরার পর এদিন ভারোত্তলনের কল্যাণে জোড়া স্বর্ণের হাসি বাংলাদেশ শিবিরে।

এসএ গেমসে ভারোত্তলন ডিসিপ্লিন থেকে বাংলাদেশ প্রথম স্বর্ণ পদক পায় ২০১০ সালে, হামিদুল ইসলামের হাত ধরে। এরপর ২০১৬ সালে প্রথম নারী ভারোত্তোলক হিসেবে স্বর্ণ জয় করেন মাবিয়া। এবার মাবিয়ার সঙ্গে স্বর্ণ জিতলেন জিয়ারুলও।

এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত আসরে ভারোত্তলন থেকে ৪টি স্বর্ণ পেল বাংলাদেশ। ২০১০ সাল থেকে টানা তিন আসরে স্বর্ণ ধরে রাখল ডিসিপ্লিনটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত