কাতারের রাজধানী দোহায় গতকাল শনিবার ফের আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র কর্র্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে প্রথম দফার শান্তি আলোচনা ভেস্তে গেলে তিন মাস পর নতুন করে এই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে এএফপি। গত সপ্তাহে আফগানিস্তানে হঠাৎ করে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকেই তিনি তালেবানদের সঙ্গে একটি চুক্তি করতে চান, এমন বক্তব্য দেন। ওই বক্তব্যের পরই মূলত তালেবানদের পক্ষ থেকে শান্তি আলোচনা নতুন করে শুরুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়। এরপর কাতারের মধ্যস্থতায় ফের সেই আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ গত কয়েক সপ্তাহে তালেবান-ওয়াশিংটন শান্তি আলোচনায় বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনা করতে কয়েকটি দেশ সফর করেন। তার মধ্যস্থতাতেই সম্প্রতি তালেবানরা একজন আমেরিকান ও একজন অস্ট্রেলিয়ান শিক্ষককে বন্দিদশা থেকে মুক্তি দেয়। তবে তালেবানরা আফগান সরকারের সঙ্গে কোনো আপস করতে রাজি নয়। গোষ্ঠীটি বর্তমান আফগান সরকারকে বৈধতা দেয়নি। ওয়াশিংটন-তালেবান শান্তি চুক্তির ভিত্তি মূলত দুটি বিষয়। একটি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সৈন্য প্রত্যাহার ও অন্যটি জঙ্গিরা জিহাদিদের কোনো জায়গা দেবে না তাদের দেশে।
প্রসঙ্গত, ১৮ বছর আগে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর অন্যতম কারণ তালেবানদের সঙ্গে সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সংশ্লিষ্টতা।
