মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের পাশে পড়ে থাকা বোমাটি তৃতীয় দিনে নিষ্ক্রিয় করল ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিটের বোমা বিশেষজ্ঞ দল। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইলেকট্রিক ডিভাইসযুক্ত বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়।
বিশেষজ্ঞ দলটির নেতৃত্বে ছিলেন কাউন্টার টেররিজম ইউনিটের ইন্সপেক্টর ইসরাফিল হোসেন ভূঁইয়া। সকালে ঘটনাস্থলে এসে ডিভাইসযুক্ত বোমাটি পর্যবেক্ষণ করে পরে তারা নিষ্ক্রিয় করেন।
গত বৃহস্পতিবার সকালে মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসের প্রবেশমুখে একটি ব্যাগের মধ্যে ডিভাইসযুক্ত বোমা পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। তারপর থেকেই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছিল। প্রথমে র্যার পরে সেনাবাহিনী বোমা দুটি নিষ্ক্রিয় করবে পুলিশ এমন সংবাদ দিলেও সবশেষ ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেররিজম ইউনিট তা নিষ্ক্রিয় করে।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদ হোসেন জানান, তিন দিন ধরে ঘিরে রাখা ডিভাইসযুক্ত বোমাসদৃশ বস্তুটি শনিবার সকালে কাউন্টার টেররিজম ইউনিট নিষ্ক্রিয় করেছে। এটি বোমা ছিল না। আতঙ্ক সৃষ্টির জন্য ডিভাইস দিয়ে কেউ রেখে গেছে। পুলিশের একাধিক দল ঘটনাটি তদন্ত করছে।
