চলচ্চিত্র নির্মাণে যুবসমাজের মেধাকে কাজে লাগান: প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ০৯:১৪ পিএম

মানসম্মত চলচ্চিত্র নির্মাণে যুবসমাজের মধ্যে নিহিত মেধা, সৃজনশীলতা ও ধ্যানধারণাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্য মন্ত্রণালয় আয়োজিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭ ও ২০১৮’ বিতরণকালে এই পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে পৌঁছে দেয়ার লক্ষ্যে মানসম্মত চলচ্চিত্র নির্মাণে বিশেষ করে যুবসমাজের বিদ্যমান ব্যাপক মেধার সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রচুর সংখ্যক মেধাবী লোকজন রয়েছে এবং মেধার বিবেচনায় আমরা অনেক দেশের চেয়ে এগিয়ে রয়েছি। মানসম্মত চলচ্চিত্র নির্মাণে এই মেধাকে সঠিকভাবে কাজে লাগানোর মাধ্যমে আমাদের বিশ্বের দরবারে একটি মর্যাদার আসন করে নিতে হবে।’

তিনি সকল পুরস্কার বিজয়ীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনাদের ভালো কাজের স্বীকৃতি দিতে এবং আপনাদের আরও সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাতে এই পুরস্কার।’

প্রধানমন্ত্রী বর্তমান সময়কে ডিজিটাল সময় উল্লেখ করে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে আরও বেশি মানসম্মত চলচ্চিত্র নির্মাণে যুবসমাজের মধ্যে নিহিত মেধা, সৃজনশীলতা ও ধ্যানধারণাকে কাজে লাগানোর পরামর্শ দেন।

যুবসমাজের চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার প্রশংসা করে তিনি তাদের মেধা বিকাশের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন এবং সরকারের প্রতিষ্ঠিত ফিল্ম ইনস্টিটিউট থেকে মানসম্মত চলচ্চিত্র নির্মাণের ওপর যথাযথ প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় অস্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্য সচিব আবদুল মালেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যগণ, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ, মিডিয়া ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত