প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

কক্সবাজারের উখিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। গত শনিবার রাতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পূর্ব ভালুকিয়া তুলাতুলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক (২০) একই গ্রামের বাদশা মিয়ার ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার ধানক্ষেতে গরু বাঁধাকে কেন্দ্র করে এনামুলের ফুপুর সঙ্গে একই গ্রামের শাহজাহানের সঙ্গে ঝগড়া বাধে। একপর্যায়ে ওই নারীর মাথা ফাটিয়ে দেয় শাহজাহানের সমর্থকরা। ঘটনার জেরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে শাহজাহান তার ছেলে রেজাউল, মিযান, অলি উল্লাহসহ আরও কয়েকজন বাজার থেকে ফেরার পথে এনামুল ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হয়। এতে দু’পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাটিতে লুটিয়ে পড়েন এনামুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এনামুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ফুপাত ভাই ও একই এলাকার আলী আকবরের ছেলে সাদেক হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের চাচা মনজুর আলম দেশ রূপান্তরকে বলেন, ‌‘শাহজাহান, অলি উল্লাহ, রেজাউল ও মিযান মিলে আমার ভাতিজা এনামুলকে হত্যা করেছে। আমি খুনিদের কঠোর শাস্তি চাই।’ উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, এনামুলের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত