গাছে ঝুলছিল স্বামীর লাশ পাশে রক্তাক্ত স্ত্রী

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০১ এএম

শ্যামনগরে মান্নান গাজী (৫০) ও সোনাবানু (৩৫) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার জেলেখালী গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় গাছের সঙ্গে ঝুলছিল মান্নানের লাশ এবং পাশে পড়ে ছিল স্ত্রীর। পুলিশ বলছে, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মান্নান আত্মহত্যা করেছেন।

শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার সকালে সোনাবানুর রক্তাক্ত এবং মান্নানের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ দম্পতি দীর্ঘদিন ধরে কালিঞ্চী গ্রামে থাকতেন এবং কালিন্দী নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি মান্নান জেলেখালীর বাড়িতে আসেন। স্বজনদের বরাত দিয়ে ওসি আরও জানান, দ্বিতীয় স্ত্রী সোনাবানু ও মান্নানের মধ্যে দাম্পত্যকলহ ছিল। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে কুপিয়ে হত্যার পর মান্নান আত্মহত্যা করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত