সংবাদ সম্মেলনে রিজভী

উচ্চ আদালতের বিচারকরা জনগণকে হতাশ করবেন না

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ০৪:০৪ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে উচ্চ আদালতের বিচারকরা জনগণকে হতাশ করবেন না বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশের প্রতিটি মানুষ জানেন, সরকারের কারসাজিতেই খালেদা জিয়ার জামিন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আশা করি খালেদা জিয়া অবিচারের শিকার হলেও উচ্চ আদালতে তিনি সুবিচার পাবেন।’ গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নিম্ন আদালতের বিচারকদের মতো নয় বরং উচ্চ আদালতকে ন্যায়বিচার অক্ষুণ্ন রাখতে হবে, তা না হলে মধ্যরাতের নির্বাচনের সরকার খালেদা জিয়ার জামিনে বাধা দিতে সর্বশক্তি নিয়োগ করবে। যদি খালেদা জিয়া বারবার অবিচারের শিকার না হন, সেটি নিশ্চিত করার দায়িত্ব উচ্চ আদালতের।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে খালেদা জিয়ার জামিন প্রশ্নে শুনানি হবে।

রিজভী বলেন, কারাবিধি অনুযায়ী সাত দিন পরপর বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের বিধান রয়েছে। খালেদা জিয়ার ক্ষেত্রে এ বিধান পরিবর্তন করে ১৫ দিন পরপর করা হয়েছে। কিন্তু এখন সেই ১৫ দিনের বিধানকেও সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ অগ্রাহ্য করছে কারাবিধি লঙ্ঘন করে। সংবাদ সম্মেলনে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পাট শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, দলের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, হাবিবুল ইসলাম হাবিব, মীর সরাফত আলী সপু, আমিনুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত